আবার অনেকদিন পর মানুষের মুখে হাঁসি দেখেছি,বাহিরে বের হয়ে রোদ ঝলসানো তপ্ত বাতাসে ঘুরে বেড়িয়েছি, খোলা আকাশ দেখেছি। বসন্তের আগমন যেন থেমে গিয়েছিল দীর্ঘ দুই মাসের গৃহবন্দী জীবনে। প্রাণচাঞ্চল্যে ভরা জীবন যেন ধূসর হয়েছিল এক অন্ধকার সময়ে। করোনা নামক এক অদৃশ্য শিকারির হাতে বন্দী ছিল শহরটা কিন্তু বসন্তের ফুল ফোটার মতোই ফ্রান্সের বুকে নতুন করে জেগে উঠেছে প্রাণের স্পন্দন। প্রকৃতির অপার সৌন্দর্য আর প্রেরণায় ফিরে এসেছে জীবনের আলো। বন্দী জীবনের অবসান ঘটে মিলেছে মুক্তির আনন্দ।

বাস স্টপে যাত্রীদের ভীড়। ছবি: লেখক।
আমি থাকি প্যারিস শহরে। প্যারিস ফ্রান্সের রাজধানী তথা বৃহতম শহর। শিল্প সাহিত্যে ভরা ঐতিহাসিক এ শহরে বছর জুড়ে ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই থাকে। শহরে বিরাজ করে উৎসবের আমেজ। করোনার প্রাদুর্ভাব কেড়ে নিল আনন্দ, উৎসব। কেড়ে নিল মুখের হাঁসি আর বিশ্বকে আটকে দিল বন্দীশালায়। মৃত্যুর মিছিলে শামিল করল লক্ষ লক্ষ প্রাণ। এই মহামারীর সময়ে ফরাসীদের কাছ থেকে নতুন কিছু উপলব্ধী করতে পেরেছি। দেখেছি জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী। সরকারের দেওয়া নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে চলেছে এদেশের জনগণ। মানুষের ধৈর্য্য আর সরকারের সঠিক পদক্ষেপ এর কারণে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে। বর্তমান সময়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে।

দীর্ঘ লকডাউনের পরে নতুন খবরের সন্ধানে মানুষ। ছবি: লেখক।

দীর্ঘ লকডাউন এর পর কেনাকাটাতেই কারো কারো আনন্দ। ছবি: লেখক।
১১ মে থেকে প্যারিসসহ ফ্রান্স এ লকডাউন শিথিল করা হয়েছে, আমাদের শহরে জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে দিয়েছে অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন ফিরে পেয়েছে তার স্বাভাবিক গতি।

কনকনে শীতের শেষে এবার এসেছে সত্যিকারের বসন্ত। ছবি: লেখক।
ধীরে ধীরে শহরে ফিরছে আগের স্বাভাবিক প্রাণচঞ্চল্যতা। কনকনে শীতের শেষে এবার এসেছে সত্যিকারের বসন্ত, যার অফুরন্ত সৌন্দর্য, যার রঙ শুধুই উজ্জ্বল। জীবন পেয়েছে মুক্তির স্বাদ। মানুষের মুখে ফিরেছে হাসি। সেই সাথে প্রকৃতিও সেজেছে তার আপন রূপে। গাছে গাছে সবুজের সমারোহ আর রঙিন ফুলের সমাহার। ফুটেছে নানা প্রজাতির চেরি ফুল। সুবাস ছড়াচ্ছে নতুন আহ্বানের। এখানে জীবনের প্র্রতিটি মুহুর্ত এখন নতুন প্রত্যাশার। প্রতিটি শ্বাস যেন এক নতুন শক্তি।