মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই ফাঁস দেন সুশান্ত সিংহ রাজপুত। ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট এবং প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। অন্তিম সংস্কার হওয়ার পরে মঙ্গলবার সুশান্তের বাবা কেকে সিংহের সঙ্গে কথা বলে মহারাষ্ট্র প্রশাসন।
আনন্দবাজার’র প্রতিবেদন থেকে জানা গেছে, সুশান্তের বাবা কেকে সিংহ জানিয়েছেন, ছেলেকে অনেক সময়েই মনমরা, বিষন্ন দেখতাম। ডিপ্রেশনে ভুগতো, জানতামই না!
সুশান্তের বাবার এমন জবানবন্দি দ্বন্দ্ব তুলে দিয়েছে পরিবারের ভিতর। কারণ, সুশান্তের মামা এরইমধ্যেই সিবিআইকে বলেছেন, আত্মহত্যা নয়, খুন হয়েছেন অভিনেতা-ভাগ্নে। ভাল করে নাড়াচাড়া করলেই বেরিয়ে আসবে অনেক অজানা তথ্য। সুশান্তের এক ভগ্নিপতি হরিয়ানা প্রশাসনের কর্তাব্যক্তি। তারও সন্দেহ, সুশান্তের এই মৃত্যু নিয়ে।
শুধু সুশান্তের বাবা নন, পরিবারের কেউই জানতেন না ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিলেন সুশান্ত। পরিবারের পাশাপাশি মুম্বাই পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুশান্তের একদম কাছের বন্ধু ‘পবিত্র রিসতা’ খ্যাত মহেশ শেট্টিই সুশান্তের অবসাদের কথা প্রথম জানান। নিয়মিত ওষুধ নিতে হত। শেষের কিছুদিন সেই ওষুধও বন্ধ করে দেন তিনি। চিকিৎসা নিয়ে ওষুধও খেতেন একটা সময়। ফলে, তাদের সন্দেহের তালিকায় আপাতত কেউই নেই।
সুশান্তের খালাতো ভাই এবং বিজেপি বিধায়ক নীরজ বাবলু জানিয়েছেন, বলিউডের অন্দরমহল থেকে ইদানীং প্রায়ই হুমকি ফোন পাচ্ছিলেন সুশান্ত। সে দিকে নজর দিলে হয়তো উঠে আসবে অনেক রাঘব বোয়ালের নাম। যাদের কলকাঠির জোরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন অভিনেতা ১০ বছরে চড়চড়িয়ে উন্নতি করার পরও।
এই অভিযোগের পেছনে নীরজের যুক্তি, অনেকেই সহ্য করতে পারছিলেন না সুশান্তের এই উন্নতি। তাই তাকে টেনে নামাতে নানা চাপ দেয়া হচ্ছিল, যার জেরে এই আত্মহনন। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, সময় মতো সবার কীর্তি ফাঁস করবেন। আপাতত তিনি সুবিচার চেয়ে আবেদন করেছেন মহারাষ্ট্র প্রশাসনের কাছে।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে এরইমধ্যে রাজ্যের গৃহমন্ত্রী অনিল দেশমুখ টুইটে আত্মহত্যার পাশাপাশি পেশাগত শত্রুতার দিকটিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।