গাইবান্ধার ফুলছড়িতে ঘরের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি জাতীয় প্রতিবন্ধী সংগঠনের নেতা মজিবর রহমানের বাবা।
আরও পড়ুন- বিলে মিলল গৃহবধূর মরদেহ, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, ব্যবসায়িক দ্বন্দ্ব ও ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।