ভারতে তৃতীয় দফা করোনার বিশেষ পরিস্থিতির মধ্যেই অক্ষয় কুমারের পরিবারে নেমে এলো শেকের ছায়া। শুক্রবার রাতেই মারা গেলেন অক্ষয়ের ভাই শচীন কুমার। মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার হঠাৎই হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।
শচীন নিজেও অভিনেতা ছিলেন। একতা কাপুরের ধারাবাহিক ‘কহানি ঘর ঘর কি’-তে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ছবি তোলারও শখ ছিল তার।
ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছতেই শচীনের বাড়ি পৌঁছে যান অক্ষয়। শচীনের মৃত্যুতে বলিউডেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা রাকেশ পাল এ দিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, সারাজীবন তোমার ওই হাসি মুখ মনে থাকবে ভাই। এত তাড়াতাড়ি চলে গেলে।
অভিনেতা বিকাশ শেঠিও লেখেন, একসঙ্গে কাজ করিনি ঠিকই কিন্তু প্রতিটি গেট-টুগেদারে তুমি আসতে। একসঙ্গে কত জায়গায় বেড়াতে গিয়েছি। সেই সবই এখন স্মৃতি হিসেবেই রয়ে গেল।
অক্ষয়ের সঙ্গেও শচীনের সম্পর্ক বেশ ভালই ছিল। মুম্বাইয়ের ওবেরয় স্প্রিং-এ থাকতেন তিনি। ওই একই কমপ্লেক্সে থাকেন রাজকুমার রাও, ভিকি কৌশল, চিত্রাঙ্গদা সেনের মতো অভিনেতারা। কিছু দিন ওই কমপ্লেক্সে এক ব্যক্তির করোনা ভাইরাস ধরা পড়ায় এলাকা সিল করে দেয়া হয়েছিল। তবে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ায় আপাতত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।