পহেলা বৈশাখ মানে গানে-গুঞ্জনে ঐতিহ্যের প্রাণ স্পন্দনে জেগে ওঠার একটি ক্ষণ। তাই আমরা ছুটে যাই উৎসব অঙ্গনে। আনন্দের জোয়ারে ভাসি বৈশাখী মেলার ধুলো উড়া প্রান্তরে। সবার কণ্ঠধ্বনি থেকে বেরিয়ে আসে চিরায়ত সেই সুর, এসো হে বৈশাখ এসো এসো। কিন্তু এবার চিরায়ত বর্ষবরণের দৃশ্য চোখে পড়বে না। কভিড-১৯ যেন কেড়ে নিয়েছে বৈশাখের সব রঙ।
এবারের বৈশাখ পালিত হবে ঘরবন্দী। নববর্ষের দিনে সৃষ্টিকর্তার কাছে ঢাকাই ছবির জনপ্রিয় অপু বিশ্বাস চাওয়া, পৃথিবী যেন আবার দুর্যোগমুক্ত হয়ে ঘুরে দাঁড়ায়। আর অবশ্যই সবাইকে ঘরে থাকতে বলেছেন।
অপু বিশ্বাস বলেন, নতুন বছরে যেনো শুনতে পাই আমরা করোনামুক্ত বিশ্বে আছি। মানুষ ও পৃথিবী দুর্যোগমুক্ত হয়ে ঘুরে দাঁড়াক। যারা চলে গেছেন তাদের আত্মা শান্তি পাক। এ প্রার্থনাই সৃষ্টিকর্তার কাছে।
তিনি আরো বলেন, আজ ঘর থেকে বের হব না। ঘরে পূজা-অর্চনা তো রয়েছেই। তবে যারা না খেয়ে কষ্টে আছে তাদের জন্য অনেক চিন্তিত আমি। দোয়া করি এই দুর্যোগের সঙ্গে দুর্ভিক্ষ যেন নেমে না আসে। সৃষ্টিকর্তা শিগগিরই যেন দুর্যোগের কবল থেকে আমাদের রক্ষা করেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।