রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন ট্রাকচাপায়। শনিবার রাত সাড়ে ১০টায় নওগাঁর পত্মীতলাা নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্মীতলা থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টায় রুহুল আমিন মধুইল বাজার থেকে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। নজিপুর-সাপাহার সড়কের চকআবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে পত্মীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।