কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপির জাহাজপুড়া এলাকা থেকে অপহরণ হওয়া দুই কৃষককে জীবিত উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়ারা হলেন- বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও সরওয়ারের ছেলে রিদুওয়ান (১৯)। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
তিনি জানান, গত রোববার (৩০ এপ্রিল) সকালে ওই ইউপির জাহাজপুরা এলাকার পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে গেলে ৮/১০ জন সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে মারধর করে ও পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ওসি আরও জানান, খবর পেয়ে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন), বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জসহ অন্য অফিসার ও ফোর্স এবং স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে সোমবার (১ মে) সন্ধ্যায় জাহাজপুড়া গহীন পাহাড়ের ভিতর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।