করোনার আতঙ্কে সারা বিশ্ব। দিন দিন বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষের। তাইতো বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য সংস্থাগুলো।
এই ভাইরাস থেকে বাঁচতে সবসময় মাস্ক পরে থাকতে হবে বলেও জানিয়েছেন। তবে বাজারে এখন মাস্কের দাম বেড়েই চলেছে। কিন্তু ভাইরাসমুক্ত থাকতে মাস্ক ব্যবহার করাও জরুরি। তাই চিন্তা ছেড়ে নিজেই তৈরি করে নিন মাস্ক। তাও ঘরে থাকা সাধারণ কিছু উপকরণের সাহায্যেই। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক মাস্ক তৈরির পদ্ধতিটি-
যা যা লাগবে
একটি টিস্যু শপিং ব্যাগ, একটি ন্যাপকিন টিস্যু, একটি কেঁচি, স্টেপ্লার, স্কচটেপ বা সার্জিক্যাল টেপ, ওয়্যার বা তাড়, এলাস্টিক, গাম বা আঠা।
তৈরি পদ্ধতি
প্রথমে একটি টিস্যু শপিং ব্যাগ নিন। এবার এটি একটি মাস্কের আকৃতি দিয়ে চারভাগে কেটে নিন। এবার মাস্কটি শক্ত করার জন্য ন্যাপকিন টিস্যু পেপার একই আকৃতিতে কেটে নিন। এবার এটি কাটা শপিং ব্যাগের দুইভাগের মধ্যে রেখে ওপরে বাকি দুইভাগ দিয়ে দিন। যাতে টিস্যু সরে না যায় তাই তাতে গাম লাগিয়ে তারপর কাটা টিস্যু শপিং ব্যাগের ভেতরে ভালোভাবে লাগিয়ে নিন। এবার আরো একটু মজবুত করতে মাস্কের যে অংশটি নাকের উপর থাকবে, সেখানে খানিকটা ওয়্যার বা তাড় ভেতরের দিকে ঢুকিয়ে স্টেপ্লারের সাহায্যে পিন করে দিন। তারপর মাস্কটির চারপাশে স্কচস্টেপ লাগিয়ে নিন। এবার এলাস্টিক লাগানোর পালা। নয় ইঞ্চি পরিমাপে এলাস্টিক কেটে নিন। তারপর মাস্কের দুই পাশে স্টেপ্লারের সাহায্যে পিন করে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো পাঁচ মিনিটেই সার্জিক্যাল মাস্ক।
এই মাস্ক অনায়াসেই আপনি দুই-তিনদিন ব্যবহার করতে পারবেন। তাই পরিবারের সবার জন্যই তৈরি করে নিন স্বাস্থ্যকর সার্জিক্যাল মাস্ক। আর মোকাবিলা করুন প্রাণঘাতি করনাভাইরাসের। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।