নারীর সৌন্দর্যের অন্যতম এক দিক তার চুল। ঘন কালো দিঘল চুলের উপমা দিতে কবি সাহিত্যিকরা লিখেছেন হাজারো কবিতা, গান, রচনা। তবে এখন আর তেমন ঘন আর লম্বা চুল দেখাই যায় না।
প্রতিদিনের ব্যস্ততায় চুলের যত্ন নেয়ার সময় পান না অনেকেই। এ কারণেই চুল রুক্ষ হওয়া, পড়ে যাওয়া, আগা ফাটার সমস্যায় ভুগতে হয়। তবে ঘরের কিছু উপাদান দিয়েই আপনি চুলের যাবতীয় এই সব সমস্যা সমাধান করতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক রুক্ষ চুলে সিল্কি ভাব ফিরিয়ে আনার উপায় উপায়-
গরম তেল
চুলের পুষ্টি যোগাতে তেলের ব্যবহার আদিকাল থেকেই চলে আসছে। গরম তেল চুলের রুক্ষতা দূর করে চুলকে করে উজ্জ্বল। ২ টেবিল চামচ বাদাম তেল, সমপরিমাণ অলিভ অয়েল, জোজোবা অয়েল, নারকেল তেল নিয়ে একটি পাত্রে গরম করে নিন। হালকা গরম হলে এটি নামিয়ে মাথার ত্বক এবং চুলে ভালো করে ম্যাসাজ করুন। এবার গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মাথা পেচিঁয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ
চুলের রুক্ষতা কাটাতে ডিম খুব উপকারী। এটি চুলকে ময়েশ্চারাইজ করে। ১ টি ডিমের সাদা অংশের সঙ্গে ৩ টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে।
অ্যালোভেরা
ত্বক ও চুল পরিচর্যায় অ্যালোভেরা একটি অন্যতম সেরা উপাদান। আপনার চুলের রুক্ষতা দূর করতে অ্যালোভেরা ৪ টেবিল চামচ, টকদই ৩ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি মাথাসহ পুরো চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এবার শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি আপনার চুল খুব দ্রুত ঝলমলে সিল্কি করতে সহায়তা করবে।
ডিম এবং দইয়ের প্যাক
একটি পাত্রে ২ টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ টকদই নিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার পেস্টটি চুলে ভালোভাবে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ডিম আর দইয়ের প্রোটিন আপানার চুলকে গোঁড়া থেকে মজবুত করার সঙ্গে সঙ্গে চুলকে ঝলমল করবে।
মধু ও ভেজিটেবল অয়েল
মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। মধু আর ভেজিটেবল অয়েল চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে মজবুত করে। ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল মিশিয়ে নিন। এটি আপানার চুলে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।