বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন এক মাস পেরিয়ে গেছে। এখনো ভক্তদের কাছে প্রিয় নায়ককে হারানোর শোক কাটেনি। এর মাঝেই এলো নতুন ঘোষণা। এবার পর্দায় উঠে আসবে সুশান্তে জীবন কাহিনী। ছবির নাম ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’।
এই ছবিটি নির্মাণ করবেন পরিচালক শমীক মৌলিক। প্রযোজনা করবেন বিজয় শেখর গুপ্ত। কিন্তু ভক্তদের আগ্রহ- এই ছবিতে সুশান্তের চরিত্রে রূপদান করবেন কে?
জানা গেছে, সুশান্তের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে কাকে নেয়া হবে তা নিয়ে পরিচালক-প্রযোজকদের মধ্যে এরই মধ্যে আলোচনা হয়েছে। তবে কোন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নয়, সুশান্তের চরিত্রে রূপদান করবেন টিকটক স্টার সচিন তিওয়ারি। সুশান্তের মৃত্যুর পর রাতারাতি ভাইরাল হয়েছেন সচিন।

‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ ছবির ফার্স্টলুক
সুশান্তের মতো অবিকল দেখতে সচিন অভিনেতার মৃত্যুর পর থেকেই ভক্তদের ভালোবাসা পেয়ে আসছেন। তার হাসি, তাকানোতে অনুরাগীরা সুশান্তকে ফিরে পেয়েছেন।
তবে ছবিটিকে সুশান্তের বায়োপিক বলতে নারাজ প্রযোজনা সংস্থা। ইতিমধ্যেই ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছবির শুটিং। আর মুক্তি পাবে বড়দিনে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।