পঞ্চগড় জেলা সদরে এস্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে তালিবুর রহমান (৪৯) ও মুক্তারুল হক (২৪) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে পঞ্চগড়-আটোয়ারী সড়কের কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তালিবুর রহমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সাবাজপুর ও মুক্তারুল হকের দুহশুহ গ্রামে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ।
আরও পড়ুন- বীরগঞ্জে নিজ বাড়িতে মাটির দেয়াল চাপায় নারীর মৃত্যু
পুলিশ সুত্রে জানা যায়, নিহত ওই দুই শ্রমিক পঞ্চগড়-দিনাজপুর রোডে সড়ক উন্নয়নের কাজ শেষে এস্কেভেটর মেশিনটি ট্রাক্টরযোগে আটোয়ারী নিয়ে আসছিলেন।
এ সময় কমলাপুরে নির্মাণাধীন একটি কালভার্টের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে দুই হেলপার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক্টরচালক সুকুমার রায়ও আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।