বাংলা সাহিত্যে আয়না সনেটের ব্যাপক জনপ্রিয়তার পর এবার বাংলা গানে আসছে এই ধারার সংকলন। নতুন এই ধারার নাম হচ্ছে আয়না সঙ্গীত। সম্প্রতি আয়না সঙ্গীতের প্রথম গান ‘প্রিয়তম’-এ কণ্ঠ দিয়েছে নাজমুন মুনিরা ন্যান্সি।
ন্যান্সি বলেন, প্রিয়তম গানটির একটি বিশেষত্ব- এ ধরনের গান আমি পূর্বে কখনো গাইনি। গানটি লিখেছেন রাজুব ভৌমিক। গানটির কথা শুরুর থেকে শেষে যা-শেষ থেকে আবার শুরু। গানটির যে সুর করেছেন রাজন দাদা, তিনি এমনভাবে সুর করেছেন যে আমি প্রথমে ধরতেই পারিনি। বেশ কিছুক্ষণ শুনার পর বুঝতে পারবেন গানটি দুই দিক থেকেই গেয়েছি। এই ছন্দ মিলানো এবং সেই সঙ্গে সুর মিলানো অনেক কঠিন এক কাজ।

‘প্রিয়তম’ গানের পোস্টার
আয়না সঙ্গীতের সুরকার এবং সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, প্রিয়তম গানটি একটি নতুন ধারার সঙ্গীত। একটি ঐতিহাসিক ধারার প্রথম সুরটা আমি করেছি এটা ভেবে ভালো লাগছে। ন্যান্সি গানটি খুব ভালো গেয়েছে।
জানা গেছে, আগামী ঈদে স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে রিলিজ হবে গানটি।
প্রসঙ্গত, যে গানের প্রতিটি লাইন দশ বর্ণের, গানের মুখ/স্থায়ী উল্টোদিক থেকে গাইলে গানের প্রথম অন্তরা হয়। দ্বিতীয় অন্তরা দুই লাইনের, যা উল্টোদিকে গাইলে চার লাইন হয়। সর্বমোট ছয় লাইনের বা ষাট বর্ণের গান এবং দুই দিক থেকেই গানের সুর করা যাবে। যেহেতু গানগুলো আয়নার মতো এবং দুই দিক থেকেই সুর করা যায়, তাই এ গানগুলোর নাম আয়না সঙ্গীত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।