নেত্রকোনা জেলার কলমাকান্দা এবং আটপাড়া উপজেলায় পানিতে ডুবে একই দিনে দুই শিশু নিহত হয়েছে।
পরিবার এবং পুলিশ সূত্র থেকে জানা যায়, গত শনিবার সন্ধ্যাবেলা কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামের জনৈক আমান মিয়ার শিশু ছেলে আরিয়ান(৩) বাড়ির সামনে খেলা করার সময় খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির কয়েক ঘন্টা পর খালের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন বিকেলবেলা আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ উত্তরপাড়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের মেয়ে শিশু আবিদা আক্তার(৭) তুসাই নদীর পানিতে পড়ে মৃত্যু বরণ করে। শিশু আবিদা আক্তারের এই অনাকাঙ্খিত মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।