আমি সব সময় সিলেটবাসীর সঙ্গে আছি- উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় সদস্যও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবারের সিটি নির্বাচনে প্রার্থী হবে না বলে ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ মে) বিকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জনসভায় এই ঘোষণা দেন তিনি। এসময় আরিফুল হক চৌধুরী বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এই দলের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেব না। ’
অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন অভিযোগ করে আরিফ আরও বলেন, আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা জননী ও আমার শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরার্মশে এই নির্বাচন বর্জন করলাম।
অতীতে আপনারা আমার পাশে ছিলেন উল্লেখ করে সিলেটের এ মেয়র আরো বলেন, আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেইসব কথা ভুলতে পারি না।’