সুন্দর কোমল গোলাপি রঙের ঠোঁট পেতে কে না চায়? তবে সবার পক্ষে তা পাওয়া সম্ভব হয় না। তবে এর জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ আমাদের নিজেদের করা ভুলেই ঠোঁট কালো হয়ে যায়।
কালচে বা দাগহীন সুন্দর ঠোঁট পেতে যথাযথ পরিচর্যার প্রয়োজন। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ঠোঁট কালো হয়ে যাওয়ার পাঁচটি কারণ সম্পর্কে। এই কারণগুলো জেনে যথাযথভাবে প্রতিকার করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেয়া যাক সেই কারণগুলো-
ধূমপান
নিশ্চয়ই জানেন, নিয়মিত ধূমপান করা হলে ঠোঁট কালো হয়ে যায়। মূলত ধূমপানের সময় নিকোটিন ঠোঁটে প্রবাহিত হয়, যা ঠোঁট কালো হয়ে যাওয়ার জন্য দায়ী। তাই ধূমপান ত্যাগ করুন।
যত্নের অভাব
ত্বকের যত্ন নিতে না ভুললেও অনেকেই ঠোঁটের যত্ন নিয়ে ভুলে যান। ময়েশ্চারাইজার ব্যবহার থেকে শুরু করে এক্সফলিয়েট করা ইত্যাদি সব পরিচর্যাই ঠোঁটের জন্য আবশ্যক। ঠোঁটের সৌন্দর্য বাড়তে প্রতিদিন রাতে ঠোঁটে কাঠবাদামের তেল মালিশ করতে পারেন। নিয়মিত মালিশ করলে তা রক্ত সঞ্চালন বাড়ায় এবং দেখতে আকর্ষণীয় লাগে।
আর্দ্রতা হীন ঠোঁট
সুস্থ ঠোঁট পেতে চান? তবে ঠোঁট আর্দ্র রাখা জরুরি। কারণ শুষ্ক ও রুক্ষতার জন্য ঠোঁটের রঙে বিবর্ণভাব দেখা দেয়। তাই ভালো মানের লিপ বাম ব্যবহার করুন। এক্ষেত্রে কোকোয়া বাটার, শিয়া বাটার ইত্যাদি উপাদান আছে এমন লিপবাম খুঁজে নিন।
মৃত কোষ না ওঠানো
মুখের সবচেয়ে পাতলা ত্বক হচ্ছে ঠোঁট। শুষ্ক ও রুক্ষ ঠোঁট থেকে রক্ষা পেতে তা নিয়মিত এক্সফলিয়েট করা উচিত। এতে ঠোঁটের মৃত কোষ দূর হয় এবং দেখতে স্বাস্থ্যকর লাগে। মৃত কোষ না ওঠানো ঠোঁট কালো হয়ে যাওয়ার কারণ।
সানব্লক বাদ দেয়া
মুখের ত্বকের মতো ঠোঁটও রোদে পুড়ে যায়। তাই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁট রক্ষা করতে বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করা জরুরি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।