আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার মাহফিল। নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান ট্যারেসে চমৎকার এই আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলকে ঘিরে নিউইয়র্ক সিটিতে বৃহত্তর লাকসামবাসীর মিলন মেলায় পরিনত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরে আলমের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি রবিউল ইসলাম। বিপুল সংখ্যক লাকসাম প্রবাসী ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ কুতুবুর রহমান মাহমুদ।

মূলত সামাজিক ও ধর্মীয় এইসব অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর একে অন্যের সাথে মতবিনিময় হয়। স্বাভাবিকভাবেই প্রিয়জনদের কাছে পেয়ে অনেকে ছিলেন উচ্ছ্বসিত। অনেকে নিজেদের মাঝে অনুভূতিগুলো শেয়ার করেন। ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি রবিউল ইসলাম।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর রহমান, মিলেনিয়াম টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল খালেক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, কমিউনিটি এক্টিভিস্ট শাহ জে চৌধুরীসহ বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মাঝে নতুন কমিটির নেতৃবন্দকে মঞ্চে ডেকে আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সামনের দিনগুলোতে অরাজনৈতিক প্রতিষ্ঠান লাকসাম ফাউন্ডেশনের পথচলাকে গতিশীল করতে নিজেদের প্রত্যয়ের কথা জানান নেতৃবৃন্দ। এই ধরনের আয়োজন প্রজন্মের মধ্যে দূরত্ব কমিয়ে নিজেদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়বে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
