নারায়ণগঞ্জে বিজয় দিবসের র্যালিতে পুলিশ পরিদর্শক লাঞ্ছিতের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেফতার করেছে পুলিশ। খবর যুগান্তর।
গতকাল সোমবার দিনগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২ জনকেই তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার একাধিক সূত্র থেকে জানা যায়, ১৬ ডিসেম্বর সকালে শহরে বিজয় র্যালি বের করার সময়ে পুলিশ বাধা দেয়। ওই ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীনসহ আরও একজন এসআইকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা হয়।
এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতেও অভিযান চলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গতকাল সোমবার দিনগত রাত ১টার দিকে সদর মডেল থানা পুলিশ দুজনকেই তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে।
সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।