আন্তর্জাতিক নারী দিবসে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের সেন্সর সনদ হাতে পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের থেকে রোববার বিকালে তার হাতে সনদটি তুলে দেয়া হয়। ফলে ছবিটি ছবিটি মুক্তিতে আর কোন বাধা রইলো না।
এর আগে গত বছরের ডিসেম্বরে ‘আবহসংগীত’ ছাড়াই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়ায় ছাড়পত্র পায়নি। পরবর্তীতে পুরো কাজ শেষে ফের জমা দেয়ার পর ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।
‘বিশ্বসুন্দরী’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এ ছবির প্রযোজক। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
২০১৯ সালের ভালোবাসা দিবসে ছবির ঘোষণা দেয়া হয়। কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পিছিয়েছে। ছবিটির নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, শিগগিরই প্রযোজকের সঙ্গে কথা বলে বিশেষ দিন দেখে ছবির মুক্তির তারিখ ঘোষণা দেয়া হবে।
‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, সুজন, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সীমান্তসহ অনেকেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।