বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। এখন তিনি ‘প্রবীণ’ হয়ে গেছেন। একসময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু এখন আর তাকে ক্যামেরার সামনে দেখা যায় না। তাই তো এই অভিনেতার খবরও খুব একটা চোখে মেলে না। সবশেষ এই অভিনেতা খবরের শিরোনামে এসেছিলেন, গেল জুলাইয়ে ৭৯ বছর বয়সে করোনা ভাইরাস জয় করে।
নানান অসুখে-বিসুখে জর্জরিত এই বরেণ্য অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই।
প্রবীর মিত্রর পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন বলেন, বাবা হাঁটুর ব্যথা ও কানের সমস্যায় ভুগছেন। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা তো রয়েছেই। হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকায় বাবা খুব একটা হাঁটাচলা করেন না। কারণ লাঠি ছাড়া হাঁটতে কষ্ট হয়।
স্কুলে পড়াকালীন প্রথম নাটকে অভিনয় করেন প্রবীর মিত্র। থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘চাবুক’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘শেয়ানা’ প্রভৃতি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।