অকালে চলে গেলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪)। রোববার মুম্বাইয়ের বান্দ্রাতে তার বাড়ি থেকে সুশান্ত’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর পরই জানা গেল, নভেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল এই অভিনেতার।
সুশান্ত সিং রাজপুতের ভাই বলেন, চলতি বছরের নভেম্বর মাসেই সুশান্ত সিংয়ের বিয়ে করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল সুশান্তের, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতার ভাই।
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুত লিভ-ইন করছেন বলে বেশ কিছুদিন ধরে খবর ছড়ায়। এমনকি রিয়ার সঙ্গে সুশান্ত ইউরোপে বেড়াতেও যান। সেই ছবি সংবাদমাধ্যমের হাতে আসে। তবে রিয়া এবং সুশান্ত একে অপরের ভালো বন্ধু বলে বার বার দাবি করেন বলিউডের বাঙালি অভিনেত্রী।
সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রাখেন ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের ক্ষুধা মিটিয়েছেন তিনি। ‘ছিছোড়ে’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন তিনি। নাচও শেখেন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।