ধানক্ষেত থেকে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগা মুয়াজ্জিনের নাম হাফেজ সাদেকুর রহমান (২৬)। রোববার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির নামতলা এলাকার এক ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাফেজ সাদেকুর নামতলা গ্রামের একটি বাড়িতে লজিং থেকে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি ক্যান্টনমেন্ট মার্কেটের একটি মোবাইল দোকানে চাকরি করতেন। শনিবার রাতে ওই গ্রামের স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলা দেখা শেষে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। ভোরে মক্তবে যাওয়ার সময় বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পায় শিশুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামল প্রক্রীয়ধানী রয়েছে।