বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। যার সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি’র আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১২ বছর ধরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নির্যাতন-অত্যাচার চালানো হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। সরকার বিচার বিভাগকে শেষ করে দিয়েছে। তাই গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-লড়াই করার সময় এসেছে।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানান ফখরুল। তিনি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল।
এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আমানুল্লাহ আমান, রুহুল কবীর রিজভী প্রমুখ।