শতভাগ পাশের গৌরব অর্জন করেছে দেশের ৯৫৩টি প্রতিষ্ঠান। গত বছর ১ হাজার ৩৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান ছিলো শতভাগ পাশের তালিকায়। তা থেকে কমে এবার ৯৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ কৃতকার্য হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
২০২২ সালের তুলনায় এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৪২টি। এ বছর মোট ৯ হাজার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬৫৭টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪। এর মধ্যে সাধারণ ৯ শিক্ষা বোর্ডের গড় পাশের ৭৫ দশমিক ৯০। সাধারণ এই শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।