দেশজুড়ে করোনা আতঙ্ক। তারই মাঝে সুখবর শোনালেন ভারতের টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ দিয়া চোপড়া। দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী। দিয়া ও রিচি মেহতার পরিবারে এবার এসেছে কন্যা সন্তান।
সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর কার্ডের মাধ্যমে কন্যা সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন দিয়া চোপড়া। জানা যাচ্ছে, গত ৬ এপ্রিল দিল্লির একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দিয়া। মেয়ের নাম রেখেছেন সোফিয়া।
গত ডিসেম্বরে দ্বিতীয়বার মা হতে চলার সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছিলেন দিয়া চোপড়া। নিজের ছোটবেলার ছবির সঙ্গে এই সুখবর সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, গতবছরই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন দিয়া। ছেলের নাম রেখেছিলেন ইভান। টিভি ধারাবাহিক ‘লেফট রাইট লেফট’, ‘প্রতিজ্ঞা’, ‘মন কি আওয়াজ’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন দিয়া। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।