অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে গত কয়েক মাসে সরগরম সোশ্যাল মিডিয়া। শ্রাবন্তী এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। রোশনের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করতে চান না তিনি।
এবার অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেল থেকে জানা গেলো ভিন্ন খবর। ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে সিং পদবি সরিয়ে ফেললেন শ্রাবন্তী। ফেসবুকের প্রোফাইল পিকচার থেকেও সরালেন রোশনকে।
অন্যদিকে রোশন জানিয়েছেন- পূজার আগে থেকেই আমরা আলাদা থাকছি। অতীতের সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলব না। তবে দুজনের এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এর আগে ইনস্টাগ্রাম থেকে একে অপরের ছবি সরিয়ে ফেলেছিলেন রোশন-শ্রাবন্তী। ইনস্টায় একে অপরকে আনফলোও করে দেন তারা। সেই থেকেই শুরু হয়েছিল বিচ্ছেদের জল্পনা। এবার আর শুধু ছবি নয়, নিজের নামের পাশ থেকে ‘সিং’ পদবি সরিয়ে ফেললেন শ্রাবন্তী। এখন ইনস্টাগ্রাম প্রোফাইলে শুধু লেখা রয়েছে শ্রাবন্তী। পাশে কোনো পদবি নেই। বিয়ের পর চট্টোপাধ্যায়ের জায়গায় সিং পদবি যোগ করেছিলেন এই টলিউড নায়িকা।
শুধু তাই নয়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটিও বদলে ফেললেন শ্রাবন্তী। বিচ্ছেদের জল্পনার মাঝেও এত দিন শ্রাবন্তীর ফেসবুকের ডিপিতে জ্বলজ্বল করত রোশন-শ্রাবন্তীর ছবি। ২০১৯-এর দুর্গাপূজার দশমীতে তোলা সেই ছবিটি অবশেষে পালটে দিলেন নায়িকা। তার বদলে নিজের আসন্ন ছবির শুটিংয়ের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করলেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।