আরিফ হায়দার অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল। দাপুটে স্বভাবের আরিফ স্ত্রী রোদেলাকে খুব ভয় পায়। রোদেলা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চশিক্ষিত না হলেও লেখাপড়া জানে। বাড়ির সবাই রোদেলাকে সমীহ করে চলে। সত্যি কথা বলতে সে ভয় পায় না।
আরিফ ব্যবসার কাজ শেষ করে ঢাকা থেকে ফেরে। সঙ্গে কাজের লোকজন। রোদেলার সামনে পড়তেই শুরু হয় শাসন। এখন করোনার সময় সচেতন থাকতে হবে সবাইকে। রোদেলা আরিফকে সাফ জানিয়ে দেয় আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেমন কথা তেমন কাজ। ঘরবন্দী হয় আরিফ, রোদেলাও কাছে আসে না।
দরজার বাইরে থেকে কথা হয়। ঘরবন্দী থেকে আরিফ পাগলের মতো। রোদেলা কাজে ব্যস্ত থাকলে চুরি করে বাইরে বের হয়ে কাজের লোকদের সঙ্গে কথা বলে আরিফ। বারবার রোদেলার কাছে ধরা পড়ে।
সামনে কোরবানির ঈদ। বরাবরের মতো সবচাইতে বড় গরু কোরবানি দিতে হবে এবারও। চারদিকে লোক লাগিয়ে দেয় আরিফ, বড় গরু লাগবেই, নইলে মান থাকবে না। এবারো বাধ সাধে রোদেলা। তার স্পষ্ট প্রতিবাদ, প্রতিযোগিতা করে কখনো কোরবানি হয় না।
তাছাড়া করোনার সময় অনেক মানুষ অর্থকষ্টে আছে, মোটামুটি একটা কোরবানি দিয়ে বাকি টাকা গরিবদের দান করতে বলে আরিফকে। এবার আরিফ প্রতিবাদে ফেটে পড়ে। সবচেয়ে বড় গরুই সে কোরবানি দেবে। কোনো কথা শুনবে না সে। অপরদিকে রোদেলার ঘোষণা, কথা শুনতেই হবে।
এমন কড়া শাসনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কথা শুনতে হবে’। এতে আরিফের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নির্মাতা তৌকির আহমেদকে, রোদেলার চরিত্রে অভিনেত্রী তারিন জাহানকে। এছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আরেক অভিনেত্রী জাকিয়া বারী মমকে।
নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস এ হক অলিক। যিনি এর আগেও ছোট পর্দা ও বড় পর্দায় নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এই নির্মাতা মনে করেন এই নাটকটিও দর্শকরা পছন্দ করবেন। তিনি জানান, আসছে ঈদে একটি বেসকারি টেলিভিশনে ‘কথা শুনতে হবে’ নাটকটি প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।