ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
চিত্রনায়ক ওমর সানী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসিরউদ্দিন দিলু। গেলো দুদিন আগে তার শরীর অনেক খারাপ হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
ওমর সানি বলেন, ‘খুবই ভালো মানুষ ছিলেন দিলু ভাই। সজ্জন ব্যক্তি। সবসময়ই মুখে হাসি লেগে থাকতো। ১৫-২০টির মতো সিনেমা তিনি প্রযোজনা করেছেন। সেইসব সিনেমা ছিলো সফল ও প্রশংসিত। কোনো অহংকার ছিলো না। মানুষের সঙ্গে মন খুলে মিশতেন, আড্ডা মারতেন। একজন শিক্ষিত, মার্জিত রুচিশীল গুণী মানুষ ছিলেন দিলু ভাই। সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি আমাদের সিনেমার মানুষদের গৌরব বাড়িয়েছেন।
তার মৃত্যু আমাদের জন্য অনেক ক্ষতির। আমাদের একজন অভিভাবক চলে যাওয়ার মতোই বেদনার। এ কথা ইন্ডাস্ট্রির সবাই জানেন যে দিলু ভাই আমাকে ও মৌসুমীকে সন্তানের মতো স্নেহ করতেন। তার মৃত্যুর খবরটি তাই আমার পরিবারে শোক নামিয়ে দিলো। আল্লাহ দিলু ভাইকে জান্নাতবাসী করবেন সেই দোয়া করছি।’
নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তবে সংগঠক হিসেবে তার ভূমিকা ছিলো আরো উজ্জ্বল। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কাজ করেছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে। চলচ্চিত্রের চলমান দুঃসময়েও পেছন থেকে নিরলসভাবে কাজ করছেন এই প্রযোজক নেতা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা সংগঠনের নির্বাচনে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।