করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
কংগ্রেসে পাস হওয়া ৮৯২ বিলিয়ন ডলারের বিলটিতে স্বাক্ষর করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করা প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কংগ্রেসকে বলবো যেন বিলটি সংশোধন করে এবং দম্পতিদের জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলার কিংবা ৪০০০ ডলার করে। অবিলম্বে এ বিল থেকে বাজে ও অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে কংগ্রেসকে বলছি। আমার কাছে গ্রহণযোগ্য একটি বিল পাঠানো হোক।’খবর বাংলা ট্রিবিউন












