আরও আকর্ষণীয় আর প্রাণবন্ত করার লক্ষ্যে ২০২৩ সাল থেকে চারদিনের টেস্ট আয়োজনের পরিকল্পনা আইসিসির। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন চিন্তা-ভাবনার বিপক্ষে অনেকেই। ভারত অধিনায়ক বিরাট কোহলি এরই মধ্যে আপত্তি জানিয়েছেন। শচীন টেন্ডুলকারও চারদিনের টেস্টের বিরুদ্ধে। ভারতের ব্যাটিং কিংবদন্তি বরং ভালো মানের পিচে টেস্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন আইসিসিকে।
‘টি-টোয়েন্টি, ওয়ানডের পাশাপাশি এখন টি-টেন আর ১০০ বলের ক্রিকেট হচ্ছে। ক্রিকেটের বিশুদ্ধতম রূপ হলো টেস্ট। তাই এটাকে কাটা-ছেঁড়া না করাই উচিত’—মুম্বাই মিরর পত্রিকাকে বলেছেন টেন্ডুলকার।
তার মতে, অন্তত স্পিনারদের কথা ভেবে টেস্টের দৈর্ঘ্য একই রাখা উচিত, ‘স্পিনাররা সবসময় ক্ষয়ে যাওয়া বলের দিকে তাকিয়ে থাকে। তারা চায় পঞ্চম দিনের ফাটল ধরা উইকেটের সুবিধা নিতে। আর এটাই টেস্ট ক্রিকেটের অংশ। স্পিনারদের কাছ থেকে এই সুবিধা কেড়ে নেওয়া কি ঠিক হবে?’
চারদিনের টেস্টের বদলে বরং পিচের গুণগত মান বৃদ্ধির পরামর্শ দিয়েছেন টেস্ট আর ওয়ানডের সবচেয়ে বেশি রান-সেঞ্চুরির মালিক, ‘আমার মতে, আইসিসির উচিত ভালো মানের উইকেটের দিকে মনোযোগ দেওয়া। স্পিন, সিম, সুইং বা বাউন্স, যা করার বলকেই করতে দিন। তাহলে খেলাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে আর ফলও আসবে। এখন তো অনেক ম্যাচই নিষ্প্রাণ হয়।’
টেন্ডুলকারের মতো রিকি পন্টিংও চারদিনের টেস্টের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ধারণা, পাঁচদিনের টেস্ট থেকে একদিন কেটে নিলে ড্রর সংখ্যা অনেক বেড়ে যাবে, ‘আমিও এর বিরুদ্ধে। যদিও যারা এর পক্ষে তাদের কাছে আসল কারণটা শুনতে চাই। আমি লক্ষ্য করেছি গত এক দশকে অনেক টেস্ট ম্যাচই ড্র হয়েছে। ম্যাচগুলো চারদিনের হলে ড্রয়ের সংখ্যা অনেক বেড়ে যেতো। তাই আমার মনে হয় না এমনটা কেউ দেখতে চাইবে।’খবর বাংলা ট্রিবিউন।