গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ঘরবন্দী নির্মাতা ও নাট্যকার তৌকীর আহমেদ। করোনাভাইরাসের কারণে আগেই তার সহধর্মিণী অভিনেত্রী বিপাশা হায়াত আমেরিকায় আটকা পড়েছেন। করোনা পরিস্থিতির আগে ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছিলেন। বর্তমানে সবকিছু শিথিল হয়ে যাওয়ায় নাটকটির শুটিং শুরুর প্রস্তুতিও নিচ্ছেন তৌকীর।
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন- যেহেতু কাজ শুরু হয়েছে, তাই আমার কাজের সঙ্গে সংশ্লিষ্টরা খোঁজ-খবর নিতে শুরু করেছেন। এখনই শুটিংয়ে যাচ্ছি না। আগামী দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাই। তখন যদি দেখি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, তাহলে শুটিং শুরু করবো।
তিনি বলেন, আমার নাটকের অভিনয়শিল্পীদের সঙ্গে এ নিয়ে নিয়মিত যোগাযোগ আছে। স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নেই। তবে প্রস্তুতি নিয়ে রেখেছি।
ধারাবাহিক নাটকের কাজ শুরুর বিষয়ে ভাবলেও আগামী ঈদের নাটকের কাজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান এ অভিনেতা।
এদিকে, গত তিন মাস সব কিছু বন্ধ থাকায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন এ অভিনেতা। গাজীপুরে তার রিসোর্ট ‘নক্ষত্রবাড়ি’ এখনো বন্ধ রেখেছেন তৌকীর আহমেদ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।