ঝিনাইদহ জেলায় প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ ইজিবাইকের ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৬ জন আহত হয়েছেন।
আজ বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুইজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।
পুলিশ সুত্রে জানা যায়, কয়েকজন যাত্রী ইজিবাইক যোগে ঝিনাইদহ জেলা শহর থেকে শৈলকুপায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পরপরই কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার ইজিবাইকটির পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রেনু বেগম নামের এক নারী নিহত হন। আহত হন অপর ৭ জন।
পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব হোসেন ও জহুরা খাতুন নামে ২ জন মারা যান।
আরো জানা যায়, হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার দুধসর, ফুলহরি ও বড়দাহ গ্রামে। গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।