ইফতার মানেই রকমারি আইটেম। তবে সেখানে আলুর চপ, বেগুনি থাকা চাই-ই। তবে এসব কিছুর মধ্যে পুষ্টির কথাটা ভুলে গেলে চলবে না। তাই এমন খাবার ইফতারে থাকা চাই যা মুখরোচক এবং পুষ্টিকর।
ডিম চপ তেমনই একটি পদ। যা তৈরি করাও সহজ। খুব কম সময়ে আপনি ঝটপট ডিম চপ তৈরি করতে পারবেন। তাও খুব সামান্য উপকরণের সাহায্যে। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: আলু সিদ্ধ ৪টি, ডিম সিদ্ধ ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ, সরিষা তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ডিম-১ টি, টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ, তেল ভাজার জন্য।
প্রণালী: প্রথমে সিদ্ধ ডিমটি ৪ ভাগ করে কেটে নিন। এবার আলু চটকে এতে একটি ফেটানো ডিমের অর্ধেক, ১ টেবিল চামচ বিস্কুটের গুঁড়া ও সব উপকরণ মিশিয়ে নিন। এরপর এক ভাগ ভর্তার ভেতর এক টুকরা ডিম ভরে লম্বা আকৃতিতে চপ তৈরি করুন। এভাবে ৪ টি চপ তৈরি করুন। এবার বাকি অর্ধেক ফেটানো ডিম নিন। তারপর চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। ডিম চপ বাদামি রঙের হয়ে এলে নামিয়ে ফেলুন। ব্যস, এবার ইফতারে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু ডিম চপ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।