মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও পূজা চেরী অভিনীত ছবি ‘জ্বীন’। গেল পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। বর্তমানে সিনেমা হলও বন্ধ। এমন অবস্থায় জানা গেল, ছবিটি হলে নয়, মুক্তি পেতে পারে অনলাইন প্লাটফর্মে।
এ বিষয়ে জানা গেছে, ভৌতিক থ্রিলার গল্পে নির্মিত ‘জ্বীন’ ভারতের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ‘আমাজন প্রাইম’ ও ‘নেটফিলিক্স’ এ মুক্তি দেয়ার কথা ভাবছেন নির্মাতা নাদের চৌধুরী।
এ নির্মাতা বলেন, আমাদের পোস্ট প্ৰোডাকশন শেষের পথে ছিল কিন্তু করোনা প্রভাবের কারণে সবকিছু বন্ধ আছে তাই আমরা ডেলিভারিও নিইনি। আমাদের টার্গেট ছিল ছবিটি বৈশাখে মুক্তি দেয়ার। এরপরে আবার ঈদে মুক্তির কথা ভাবলাম কিন্তু তাও দিতে পারলাম না। আমরা ছবিটি ডেলিভারি নেয়ার জন্য যোগাযোগ করছি এবং মুক্তির জন্য প্রস্তুত আছি।
দেশের এমন পরিস্থিতিতে কি উপায়ে মুক্তি দিতে চান সে বিষয়ে নাদের চৌধুরী বলেন, সিনেমা হলগুলো কবে খুলবে এটা ঠিক বলতে পারছিনা। তবে এর মধ্যে বাহিরের কোম্পানি নেটফ্লিক্সের সঙ্গে কথাবার্তা চলছে। যদিও এখনো চূড়ান্ত কিছু হয়নি। যদি দেখি প্রসেসিংয়ের বিষয়টি দেরী হচ্ছে তাহলে আমরা এখানেই মুক্তি দিবো।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমায় সজল ও পূজা ছাড়াও আরো অভিনয় করেছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরাসহ অনেকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।