ব্যস্ত জীবনে আমরা বলতে গেলে কম সময়ে কাজ করার উপায় খুঁজি। তবে সব সময় এটি কাজে লাগানো যায় না। আর ফ্রিজ পরিষ্কার করার কথা মনে হলেই দুশ্চিন্তা শুরু হয়ে যায়।
সারা সপ্তাহের বাজার স্টোর করা থাকে ঠান্ডাঘরে। আর অনেকদিন ফ্রিজ পরিষ্কার না করলে দুর্গন্ধ আসবে, জীবাণু ছড়াবে। তাই ফ্রিজ পরিষ্কার রাখতেই হবে। ফ্রিজ পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়! কিছু সহজ টিপস মেনে চললে ফ্রিজের নোংরা সহজেই পরিষ্কার করা যায়।
চলুন জেনে নেয়া যাক ফ্রিজ পরিষ্কার করার সহজ কিছু কৌশল-
প্রথমে ফ্রিজ পরিষ্কার করার আগে প্লাগ খুলে রাখুন। দেখে নেবেন যাতে কোনো ভাবেই বিদ্যুৎ সংযোগ না থাকে। তারপর কোমর বেঁধে নেমে পড়ুন পরিষ্কারে। প্রথমে আপনাকে ফ্রিজ খালি করতে হবে। সবার ফ্রিজেই কিছু খাবার, সবজি পড়ে থাকে। যেগুলো খাবার অযোগ্য এবং ফ্রিজের ভেতরের যাবতীয় ময়লা একটি প্লাস্টিক বা গার্বেজ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিন।
এরপর খাবার ছাড়াও জ্যাম, বাটার, চকোলেট, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেজড ফুড থাকে ফ্রিজে। সেগুলো বাইরে রেখে দিন। যে খাবারগুলো আবার ফ্রিজে রাখতে হবে সেগুলো অন্যত্র রেখে ফ্রিজের তাক, সবজি রাখার ট্রে এবং ডিমের ট্রে সব বের করে নিন।
সবকটি তাক, ট্রে ভালো করে সাবান পানিতে ধুয়ে পানি ঝরতে দিন। তবে কখনোই গরম পানিতে ধোবেন না। ফ্রিজের সব জিনিসই ঠাণ্ডা থাকে, হঠাৎ করে গরম পানিতে ধুতে গেলে চিড় ধরে যেতে পারে। ফ্রিজের শক্ত দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। ফ্রিজের গন্ধ দূর করতে একটি জারে বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন। যতক্ষণ না গন্ধ যাচ্ছে রেখে দিতে হবে।
এবার ফ্রিজের ভিতরের অংশ পরিষ্কার করতে হবে। প্রথমে হালকা গরম পানি সাবান মিশিয়ে নিন। তাতে কাপড় ভিজিয়ে ভেতরটা মুছুন। এরপর পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। একই পদ্ধতিতে ফ্রিজের দরজা, বাইরের অংশও মুছে নিন। সাবানের পরিবর্তে ঘরে তৈরি সলিউশনও ব্যবহার করতে পারেন।
এক বালতি পানিতে এক টেবিল চামচ লিকুইড ব্লিচ মিশিয়ে সেই পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। একটি বালতিতে এক কাপ অ্যামোনিয়া, হাফ কাপ ভিনেগার, ১/৪ কাপ বেকিং সোড মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ফ্রিজ পরিষ্কার করতে পারেন। যেভাবে ফ্রিজ পরিষ্কার করলেন একইভাবে ফ্রিজারও পরিষ্কার করে নিন। প্রথমে খালি করুন ফ্রিজার। বরফের পাত্র থেকে বরফের টুকরোগুলো ফেলে দিয়ে নতুন পানি ভরে রাখুন। পরিষ্কার হয়ে যাওয়ার পর ফ্রিজারে যেসব খাবারের প্যাকেট ছিল সেগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।