অপরূপ কেপটাউন স্টেডিয়ামের পাশেই টেবিল মাউন্টেন। পাহাড়টা বেশি উঁচু নয়, সাড়ে তিন হাজার ফুটের মতো। তাই অনেক ‘অভিযাত্রী’ই ওঠেন এই পাহাড়ে। তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে যদি রান-পাহাড়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা! দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের জয়ের লক্ষ্য ৪৩৮ রান। চতুর্থ দিন শেষে স্বাগতিকদের স্কোর ২ উইকেটে ১২৬। মঙ্গলবার শেষ দিনে আরও ৩১২ রান চাই ডু প্লেসি-ডি ককদের।
শুধু টেবিল মাউন্টেনের অভিযাত্রীরা নন, ৪৩৮ সংখ্যাটিও অনুপ্রাণিত করতে পারে দক্ষিণ আফ্রিকাকে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডেতে ৪৩৪ তাড়া করতে নেমে ৪৩৮ রান করেছিল তারা। রেকর্ডগড়া সেই ম্যাচে জয়সূচক রান এসেছিল বর্তমান কোচ মার্ক বাউচারের ব্যাট থেকে। এবারও প্রোটিয়াদের সামনে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের রেকর্ড ভাঙার লক্ষ্য।
৪ উইকেটে ২১৮ রানে দিন শুরু করা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চার শ’র কাছাকাছি নিয়ে যেতে মূল অবদান দুজনের। প্রথম টেস্ট সেঞ্চুরি করেও থেমে যাননি ডমিনিক সিবলি, অপরাজিত ছিলেন ১৩৩ বলে। প্রায় সাড়ে ৮ ঘণ্টায় অনেক ধৈর্যে গড়া ইনিংসটির দৈর্ঘ্য ৩১১ বল। অন্যপ্রান্তে বেন স্টোকস ঝড় তুলে মাত্র ৪৭ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেছেন ৭২ রান। শেষ দিকে জস বাটলারও ১৮ বলে ২৩ রান এনে দিয়েছেন দলকে। তাই ৮ উইকেটে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছে দক্ষিণ আফ্রিকার। ডিন এলগারের সঙ্গে পিটার মালানের উদ্বোধনী জুটি ছিল ৭১ রানের। এলগারকে কট বিহাইন্ড করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিয়েছেন অনিয়মিত লেগস্পিনার জো ডেনলি। জুবায়ের হামজাকে নিয়ে অভিষিক্ত মালান অবশ্য ভালোই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিনের শেষ ওভারের আগের ওভারে জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইংয়ে বিভ্রান্ত হামজা ক্যাচ দিয়েছেন উইকেটকিপারকে। দিনশেষে মালান অপরাজিত ৬৩ রানে। ২ রান নিয়ে সঙ্গে আছেন ‘নাইটওয়াচম্যান’ কেশব মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর
চতুর্থ দিন শেষে
ইংল্যান্ড: ২৬৯ (পোপ ৬১*, স্টোকস ৪৭; রাবাদা ৩/৬৮) ও ৩৯১/৮ ডিক্লে. (ক্রলি ২৫, সিবলি ১৩৩*, ডেনলি ৩১, রুট ৬১, বেস ০, স্টোকস ৭২, পোপ ৩, বাটলার ২৩, কারেন ১৩, ব্রড ৮*; নর্কিয়া ৩/৬১, রাবাদা ২/৬৯, মহারাজ ২/১৬০)
দক্ষিণ আফ্রিকা: ২২৩ (এলগার ৮৮, ফন ডার ডুসেন ৬৮; অ্যান্ডারসন ৫/৪০) ও ১২৬/২ (মালান ৬৩*, এলগার ৩৪, হামজা ১৮, মহারাজ ২*; অ্যান্ডারসন ১/১৮, ডেনলি ১/২৬) খবর বাংলা ট্রিবিউন।