জামায়াত ইসলাম মনোনীত কুমিল্লা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমরা মানুষ হত্যার রাজনীতি করি না। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো হিন্দুদের সম্পত্তি দখল করেনি। বৈষম্যমুক্ত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ এভাবেই সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভোট চাইলেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের শীলবাড়িতে শ্রী প্রদীপ শীলের সভাপতিত্বে এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মো. মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল হালিম।
এতে আরও উপস্থিত ছিলেন- স্বপন শীল, হরিপদ শীল, সুণীল শীল, শ্যামল শীল, গুরুপদ শীল, দিপক শীল, জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. আবু তাহের, সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ, ইউনিট সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও ভাটারা গ্রাম সভাপতি সফিকুল ইসলাম। অনুষ্ঠানে শীলবাড়ির সনাতনী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।