নেটফ্লিক্সের ওয়েব সিরিজ মানেই ‘মানি হেইস্ট’। আর এটি দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে ‘প্রফেসরের কী হবে’ এমন প্রশ্ন রেখে নাটকীয়ভাবে শেষ হয়েছে স্প্যানিশ এই ওয়েব সিরিজের চতুর্থ সিজন।
নতুন কোনো ঘোষণা না আসায় শোনা যাচ্ছিল চতুর্থ সিজনই এই সিরিজের শেষ পর্ব। তবে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রযোজক জেসাস কোলমেনার জানিয়েছেন সিরিজটির পঞ্চম সিজন আসছে। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন, প্রফেসর আবারো আসছেন।
আর এতেই সিরিজটির ভক্তদের বুঝার বাকি নেই যে আবারো ফিরছেন ‘প্রফেসর’।
‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি। এরপর দুই মাস কেটে গেলেও জনপ্রিয়তা কমেনি একটুও। সেরা দশেই আছে এখনো। পঞ্চম সিজন সম্পর্কে এতদিন কিছুই জানানো হয়নি। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হলো। পঞ্চম সিজনের জন্য সিরিজটির শুটিং চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে এটি রিলিজ পাবে।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। আলভারো মর্টে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকিত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।