অভিনেত্রী থেকে এবার প্রযোজকের থাতায় নাম লেখাতে যাচ্ছেন ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদের জন্য আবেদন করেছেন তিনি। নিজের এবং ছেলে নামে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন এই অভিনেত্রী।
২৯ ডিসেম্বর এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ লাভ করেছেন। জানা গেছে, অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন ছেলে আব্রাম খান জয় ও তাঁর নামে; ‘অপু-জয় প্রোডাকশন হাউস’।
বেশ কয়েকদিন আগে নিজের কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেছিলেন, ভালো কাজ আসছে না বলে তেমনভাবে কাজ করা হচ্ছে না। ভালো কিছুর অপেক্ষায় আছি।
বগুড়ায় জন্ম নেওয়া অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন। এরপর ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।