নায়ক হিসেবে বরাবরই তরুণীদের হার্টথ্রব সালমান খান। কিন্তু জানেন কি, একবার চার তরুণীর হাতে বিপর্যস্ত হয়েছিলেন বলিউডের সল্লু মিয়া! শোনা যায়, ওই চার তরুণী তার অনুরাগী সেজে এসে লুঠ করেছিলেন তার দামি জিনিসপত্র। বান্দ্রার এক নাইট ক্লাবে এই ঘটনার মুখোমুখি হন সালমান খান।
প্রথমে চার তরুণী তার সঙ্গে এসে আলাপ করেন। পরিচয় দেন, তারা সালমান খানের বড় ভক্ত। তারা একসঙ্গে গল্প করতে চান বলিউডের ভাইজানের সঙ্গে। সুবেশা তরুণীদের আসল উদ্দেশ্য বুঝতে পারেননি সালমান নিজেও। তিনি তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
সে সময় ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও তার কাছে ছিলেন না। চার তরুণী ভক্তের সঙ্গে কথা বলার সময় তাদের কাছে রাখার প্রয়োজন ছিল না বলেই মনে হয়েছিল সালমানের। কিন্তু তিনি বিপদ বুঝতে পারেন তরুণীরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে। টের পান, তার ওয়ালেট, সানগ্লাস এবং বিখ্যাত বাজরাঙ্গী ভাইজান লকেট খোয়া গিয়েছে।
যে সময় সালমান কথা বলছিলেন তরুণীদের সঙ্গে, সে সময় তার ওই জিনিসগুলি কাছের একটি টেবিলে রাখা ছিল বলে জানান সালমান। সেখান থেকেই ভক্তবেশী তরুণীরা সেগুলি হাতসাফাই করেন।
সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে অভিযোগ জানাতে বলেন। কিন্তু সালমান পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। পরিবর্তে তিনি নিজের নিরাপত্তারক্ষী বাড়িয়ে দুই থেকে ১৪ করে দেন।
বছর পাঁচেক আগে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এই খবর গুজব বলে উড়িয়ে দেন সালমানের বোন অর্পিতা। তার দাবি, সালমান সে সময়ে নাইটক্লাবে যেতেন না। তিনি সঙ্গে ওয়ালেটও রাখেন না বলেই দাবি বোন অর্পিতার।
সলমন নিজেও কোনো দিন এ বিষয়ে মুখ খোলেননি। তবে বলিউডে জোর গুঞ্জন, এই ঘটনার পরেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সংখ্যা বাড়িয়ে দেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।