চাঁদপুরের মতলব উপজেলার হরিণাঘাটা এলাকায় এমভি জাকির স¤্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত চারজন যাত্রীর লাশ শনাক্ত করেছে পুলিশ। এছাড়া ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা সংঘর্ষের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও যাত্রীরা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি জাকির স¤্রাট-৩ লঞ্চটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর চাঁদপুরের মতলব উপজেলার হরিণাঘাটা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশা থাকায় ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাওয়া বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয়। যাত্রীরা জানায়, ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট-৩ লঞ্চটির দ্বিতীয়তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়।
নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার আব্দুল গনি (৩৮), মো. সাজু (৪৫), রিনা (৩৫) ও চরফ্যাশন উপজেলার হানিফ মাঝি (৬০)। আহতরা হলেন- মো. শাহাদত, মোহাম্মদ মিনা (৪৫) ও মোছা রহিমা (৪৫)। তারাও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
এদিকে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে অ্যাডভেঞ্চার-৯ পরিদর্শন করেছে। এ ঘটনায় লঞ্চটির ৪ কর্মীকে আটক করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল:
এদিকে মেঘনা নদীতে ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ এবং ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতেই লঞ্চ দুটির রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করার প্রক্রিয়া চলছে।