চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পাঠানটুলীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিতে আজগর আলী ওরফে বাবুল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী ওরফে বাবুলের মৃত্যু হয়। মাহবুব নামে গুলিবিদ্ধ আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক-উল-হক গণমাধ্যমে বলেন, সিটি নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গোলাগুলি হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।