চলন্ত একটি ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চল এলাকায়। এ ঘটনায় ২২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারী) সকাল ৯টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার বান থানন খোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটির ওপর একটি বিশাল নির্মাণ ক্রেন ভেঙে পড়ে। এতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২২টি লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও কিছু যাত্রী নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলমান রয়েছে।
নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং জানান, দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজ চলাকালে ক্রেনটি হঠাৎ ভেঙে চলন্ত ট্রেনটির উপর আছড়ে পড়ে।
দুর্ঘটনাস্থলে লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাতে থাকে।
এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তথ্য সূত্র: যুগান্তর।