চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইনকনটেইনার ডিপো ও বন্দর থানার ইসহাক ডিপোর সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বন্দর কর্মচারীসহ দুজন মারা গেছেন।
নিহতরা হলেন বন্দর কর্মচারী স্বপন কান্তি দাশ (৫৫) ও হিউম্যান হলার চালক মো. জোবায়ের (১৯)।
গতকাল সোমবার (২আগষ্ট) রাত ১০টায় ও মঙ্গলবার সকাল ৮টায় এই দুর্ঘটনা ২টি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক জানান, মঙ্গলবার সকালে সাইকেলে করে বন্দরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন স্বপন কান্তি দাশ। এ সময় বেসরকারি কন্টেইনার ডিপো ইসহাক ব্রাদার্সের সামনে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে সকাল ৯টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে ।
এ দিকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে ইনকনটেইনার ডিপোর সামনে বেপরোয়া গতির একটি টেইলর বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলার চালক মো. জোবায়ের (১৯) মারা যান।
তিনি আরো বলেন টেইলর চালকের বেপরোয়া গতি সঙ্গে হেডলাইট না জ্বালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় টেইলরটি জব্দ করে এর হেলপার মো. আলাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হলেও চালক মো. ইব্রাহিম (৩০) পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে।