চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ৩২৬ জনে।
সোমবার (২৬ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৫ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৪৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩৪৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল রবিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৮০ ও উপজেলার ২৬৮ জন।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত