দিনাজপুর জেলার ঘোড়াঘাটে পারিবারিক কলহ ও যৌতুকের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৫ মার্চ) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শীধল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম আদুরি বেগম। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের মেয়ে। আটক ঘাতক স্বামী আতিয়ার রহমান উপজেলার সিংড়া ইউপির শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।
নিহত গৃহবধূ বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে আতিয়ারের সঙ্গে তার মেয়ে আদুরির বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো।
আরও পড়ুন- দাম্পত্য জীবনে পারিবারিক বিরোধ, স্বামীর হাতে স্ত্রী খুন
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গতকাল রোববার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদুরিকে মারধর করে। মারধরের এক পর্যায়ে আদুরি মারা যায়। পরে বিষয়টি জেনে পাশ্ববর্তী এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে জরুরি সহায়তা চায়। পরে দিবাগত রাত সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক ছিল। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়। নিহত গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।