ইফতার মানেই রকমারি খাবার। প্রতিদিনই এমন কিছু মুখরোচক খাবার ইফতারে থাকা চাই যা সহজেই খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে মিষ্টি জাতীয় অনেক খাবারই ইফতারে থাকে। এর মধ্যে বুন্দিয়া অন্যতম। যা অনেকেরই বেশ পছন্দের।
তবে সবসময় বুন্দিয়া দোকান থেকেই কিনে খেয়েছেন নিশ্চয়ই! তবে এবার করোনার কারণে আর এই সুযোগ হচ্ছে না। কারণ সবাই এখন ঘরবন্দী। ফলে দোকানও বন্ধ। তবে খুব সহজে আপনি আপনার পছন্দের খাবারটি ঘরেই তৈরি করতে পারেন। তাও একদম ঝামেলা ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
বেসনের মিশ্রণের জন্য: বেসন ১ কাপ, পানি দেড় কাপ, লবণ সিকি চামচ, বেকিং পাউডার সিকি চা চামচ, বেকিং সোডা সিকি চা চামচ, বিভিন্ন খাবার রং।
খাবার রঙ বাদে বাকি সব উপকরণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। যেন খুব ঘন বা পাতলা না হয়। যদি দুই তিন রকম রঙ ব্যবহার করতে চান তবে দুই তিনটা বাটিতে মিশ্রণ ভাগ করে নিন। এক এক বাটিতে এক ফোঁটা করে এক এক রঙ মিশিয়ে দিন। হলুদ রঙয়ের মিশ্রণটা বেশি পরিমাণ রাখবেন।
সিরার জন্য: পানি ২ কাপ, চিনি ২ কাপ, এলাচ ৩ টি।
চুলায় আঁচে সব উপকরণ দিয়ে দিন। আঁচ মাঝারি রাখুন। সিরা যেন বেশি ঘন আবার পাতলাও না হয়। আঙুল দিয়ে একটু নিয়ে দেখুন আঠালো ভাব হয়েছে কিনা। আঠালো হলে চুলা থেকে সিরা নামিয়ে ফেলুন।
বুন্দিয়া তৈরির পদ্ধতি: প্যানে তেল গরম করুন। একটু বড়সড় প্যান নিলে ভালো হবে। এখন ফুটোওয়ালা চামচ দিয়ে বেসনের মিশ্রণ তুলে গরম তেলে ধরে আবার উঠিয়ে ফেলুন। হাতল ধরে চামচটা উঠান আবার তেলে দিন। এভাবে মিশ্রণটা তেলে ছেড়ে দিন। খুব সাবধানে সবকিছু করুন। কারণ গরম তেলে চামচ বার বার উঠাতে হবে। বুন্দিয়াগুলো মচমচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। বাকি মিশ্রণ দিয়ে এভাবেই ভেজে তুলুন।
সব বুন্দিয়া ভাজা হলে, গরম সিরায় সবগুলো বুন্দিয়া ছেড়ে দিন। আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিন। বুন্দিয়াগুলো সিরার রসটা যখন শুষে নেবে দেখতে আরও সুন্দর আর বড় লাগবে। ব্যস তৈরি হয়ে গেলো। এবার বুন্দিয়া সিরা থেকে উঠিয়ে পরিবেশন করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।