চুলের রুক্ষতা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগেন! চুলের বিভিন্ন সমস্যার মধ্যে আগা ফাটা ও চুল রুক্ষ হয়ে যাওয়া অন্যতম।
তবে জানেন কি? আপনার রান্নাঘরের কিছু উপাদানের সাহায্যেই চুলের রুক্ষতা দূর করতে পারেন। এসব প্রাকৃতিক উপাদানগুলো চুলের কোনো রকম ক্ষতি ছাড়াই চুলের রুক্ষতা দূর করবে। জেনে নিন কীভাবে কোন উপাদান ব্যবহার করবেন-
অলিভ অয়েল
অলিভ অয়েল চুলের জন্য দুর্দান্ত এক দাওয়াই। চুলের আর্দ্রতা ধরে রাখতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। একটি বাটিতে আপনার প্রয়োজন মতো অলিভ অয়েল নিয়ে হালকা গরম করে নিন। এবার এটি আপনার মাথার ত্বকসহ পুরো চুলে ম্যাসাজ করুন। দুই ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে পারেন।
অ্যাপেল সিডার ভিনেগার
নিস্তেজ এবং প্রাণহীন চুলের জন্য দ্রুত সমাধান হলো অ্যাপল সিডার ভিনেগার মাস্ক। দুই চামচ অলিভ অয়েল ও দুটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এটি আপনার চুলে ম্যাসেজ করুন। এবার চুলগুলো ভালোভাবে বেঁধে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন। দুই ঘণ্টা পর শ্যাম্পু করুন। এটি আপনার চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি চুল নরম ও উজ্জ্বল করতে সহায়তা করবে।
চা
আপনার প্রতিদিনের ব্যবহৃত চা ফেলে না দিয়ে আপনি চুলে ব্যবহার করতে পারেন। তবে দুধ চিনি মিশিয়ে তারপরে কিন্তু নয়! শুধু চায়ের লিকার ব্যবহার করতে পারবেন। এজন্য ২ টেবিল চামচ চা পাতা জ্বাল করে পানিটা নিয়ে নিন। ছেঁকে ঠাণ্ডা করুন। এবার এই পানি দিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। এরপর কন্ডিশনার ব্যবহার করার দরকার হবে না। এটি চুলের রুক্ষতা দূর করে। পাশাপাশি চুলের রঙেও আনে পরিবর্তন।
ডিম
প্রোটিন দিয়ে পূর্ণ ডিম আপনার চুলের জন্য একটি দুর্দান্ত উপাদান। এক টেবিল চামচ শ্যাম্পুর সঙ্গে একটি ডিম মিশিয়ে চুলে লাগান। মিশ্রণটি আপনার চুলে এক ঘণ্টা রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার মাথার ত্বকের প্রোটিনের ঘাটতি পূরণ করবে। সেইসঙ্গে চুলের রুক্ষতা দূর করে চুলতে নরম ও ঝলমলে করে তুলবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।