সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুরে একই পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে উদ্ধার করা হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন – আহত হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (২৭), তার শিশু সন্তান মিজান (১১) ও মেয়ে তানিসা (৫)।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন- দিরাইয়ে বিলে মিলল হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন লাশ
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি লুৎফর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাতের কোনো এক সময় ওই বাড়িতে হামলা চালানো হয়। ভোরে আশপাশের লোকজন সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, হতাহতদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। আহত অবস্থায় হিফাজুরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।