২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হিরো’ তে ‘মেহি হিরো তেরা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। তবে এবার কোন সিনেমার গানে নয় বরং ভারতবাসীকে করোনা নিয়ে সতর্ক করতেই গাইলেন তিনি।
সালমান খান নিজেই ‘প্যায়ার করোনা’ শিরোনামের গানটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
গতকাল (রোববার) এই ঘোষণা দিলেন স্বয়ং সালমান খান। পাশাপাশি গানের একটি টিজারও প্রকাশ্যে এনেছেন তিনি। সালমানের এই গান কম্পোজ করেছেন তার বন্ধু পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। গানের কথা লিখেছেন সালমান এবং হুসেন দালাল। সাদাকালোতেই শুট করা হয়েছে এই ভিডিও। যেখানে প্রথমে সালাম, তারপর নমস্কার করতে দেখা গিয়েছে ভাইজানকে।
এর আগেও বেশ কয়েকবার গায়কের ভূমিকায় দেখা গেছে ভাইজানকে। হিরো ছবির টাইটেল ট্রাক থেকে কিক ছবির হ্যাংওভার-একাধিক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন এই সুপারস্টার। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।