বাংলা গানের জগতে অল্প কয়েকটি গান দিয়ে পরিচিত হয়ে ওঠেন পথিক নবী। ২০০৩ সালে ‘অচেনা পথিক’ অ্যালবাম প্রকাশ হয়। এই অ্যালবামের ‘আমার একটা নদী ছিল জানল না তো কেউ’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। এরপর পথিক নবীকেও আর পেছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু হঠাৎ করেই গান প্রকাশ বন্ধ করে দেন। সেই বিরতি কাটিয়ে ফের গান প্রকাশ করবেন পথিক নবী।
পথিক নবী বলেন, গানই জীবন, এই গান থেকে নিজেকে গুটিয়ে নেয়া সম্ভবও না। করোনার এই সময়টায় নতুন ২০-২৫ টা গান তৈরি করেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে গানগুলো প্রকাশ করবো। বহু বছর যে গান প্রকাশ করিনি, তা কিছুটা হলেও পুষিয়ে দিতে পারবো।
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে থাকেন পথিক নবী। আপাতত ঘরবন্দী থাকলেও নতুন আরো কিছু গান লিখছেন। বই লেখারও কাজও করছেন। বাচ্চাদের সময় দিচ্ছেন। ঘরের কাজে সহযোগিতাও করছেন বলে জানান তিনি।
১৯৯২ সালে রাশেদ ইলেকট্রনিকস থেকে প্রকাশিত হয় পথিক নবীর গাওয়া প্রথম অ্যালবাম ‘নষ্ট নগর নষ্ট স্বভাব’। এই শিল্পী একক, মিক্সডসহ ৩৫টি অ্যালবামে গান গেয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।